এবার রাজধানীর বাসে বাসে সিসিটিভি ক্যামেরা

১৬ অক্টোবর, ২০২২ ১৮:৪১  
গণপরিবহনে নারীদের বাসে চলাচল সুগম করতে রাজধানীর বাসগুলোতে বসছে সিসিটিভি ক্যামেরা। এখন পর্যন্ত পাঁচটি বাস কোম্পানি ও ভিন্ন রুটের ১০৮টি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাসগুলো হলো চন্দ্রা থেকে ডেমরা স্টাফ কোয়ার্টারগামী রাজধানী সুপার সার্ভিস লিমিটেড, গাবতলী থেকে গাজীপুরগামী বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেড, মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুরগামী প্রজাপতি পরিবহন লিমিটেড, ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরগামী পরিস্থান পরিবহনের ২৫টি করে বাসে লাগানো হয়েছে সিসিটিভি। এ ছাড়া গাবতলী থেকে সায়েদাবাদগামী গাবতলী এক্সপ্রেসের ৮টি বাসেও লাগানো হয়েছে সিসিক্যামেরা। পর্যায়ক্রমে সব বাসই সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। রোববার গাবতলীতে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনা কর্মসূচি’ আওতায় গণপরিবহনে সিসিটিভি স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য দেন প্রতিমন্ত্রী। সরকারের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা দীপ্ত ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের কর্মীরা সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে তিন মাস অন্তর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘সিসিটিভি স্থাপনের মাধ্যমে গণপরিবহন নারীবান্ধব ও নিরাপদ হবে। নারীরা সিসি ক্যামেরা সংযুক্ত বাসে উঠতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। সিসি ক্যামেরা থাকায় এসব বাসের সাধারণ যাত্রীরাও সতর্ক থাকবে এবং তাদের মাঝে সচেতনতা তৈরি হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।’ তিনি আরো বলেন, ‘সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে নারীরা ৯৯৯ ও ১০৯-এর মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। হয়রানি বা নির্যাতনের ঘটনা ঘটলে সিসিটিভির ফুটেজ আদালতে আলামত ও প্রমাণক হিসেবে ব্যবহৃত হবে।’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফেরদৌসী বেগম, দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান, বাসমালিক প্রতিনিধি সিরাজুল ইসলাম খান।